
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ সংকুচিত করা হয়েছে। এখন থেকে তালিকাভুক্ত সব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম আয়োজনের সুযোগ পাবে না। এই সুযোগের জন্য পরিপালন করতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া শর্ত।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুসারে, ‘এ’ ক্যাটাগরির সকল তালিকাভুক্ত কোম্পানি অথবা যে সকল কোম্পানি ন্যূনতম ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করছে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে। নতুন সিদ্ধান্তের ফলে জেড ক্যাটাগরির কোনো কোম্পানি এবং বি ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ৫ শতাংশের কম লভ্যাংশ প্রদানকারী কোম্পানি আর ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম আয়োজন করতে পারবে না। এদেরকে শেয়ারহোল্ডার অথবা তাদের মনোনীত প্রতিনিধিদের শারীরিক উপস্থিততে এজিএম অনুষ্ঠানের আয়োজন করতে হবে।