TAXNEWSBD
আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাব কোন নথি লাগবে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৯:০৩ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী পুরো করবর্ষকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই সময়সীমার ওপর ভিত্তি করেই কর ছাড় বা জরিমানার বিধান রাখা হয়েছে। সাধারণ করদাতাদের জন্য কোনো ধরনের জরিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।এনবিআরের নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে যারা রিটার্ন জমা দেন, তারা মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ বিশেষ ছাড় বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পেয়ে থাকেন। তবে চলতি বছরে সেপ্টেম্বর মাস ইতোমধ্যে পার হয়ে যাওয়ার কারণে করদাতাদের জন্য এই ৫ শতাংশ অতিরিক্ত কর ছাড় নেওয়ার সুযোগ আর থাকছে না।বর্তমানে অক্টোবর থেকে ডিসেম্বর সময়কাল চলমান রয়েছে। এই সময়ের মধ্যে কোনো ধরনের অতিরিক্ত জরিমানা ছাড়াই নির্ধারিত কর পরিশোধ করে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বলবৎ থাকবে। এর বিপরীতে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে রিটার্ন দাখিল করতে গেলে করদাতাদের অতিরিক্ত জরিমানা ও বাড়তি করের মুখোমুখি হতে হবে। তাই সব ধরনের ঝামেলা এড়াতে এবং আর্থিক ক্ষতি থেকে বাঁচতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল সম্পন্ন করা সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে।

রিটার্ন প্রস্তুতের সহজ নিয়ম

যারা নতুন করদাতা কিংবা প্রথমবারের মতো নিজেরাই নিজেদের আয়কর রিটার্ন প্রস্তুত করতে যাচ্ছেন, তাদের জন্য এনবিআরের প্রকাশিত আয়কর নির্দেশিকা ২০২৬-২০২৭ এর ২৪ থেকে ২৬ পৃষ্ঠায় বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে রিটার্ন দিতে প্রথমে এনবিআরের অফিসিয়াল ই-রিটার্ন পোর্টাল (www.etaxnbr. gov.bd) এ গিয়ে বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বর ও টিআইএন ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।

আয়ের উৎস চিহ্নিতকরণ

নিজস্ব আয়ের খাতসমূহ (যেমন- বেতন, গৃহসম্পত্তি, কৃষি, ব্যাংক সুদ বা সঞ্চয়পত্র, ব্যবসা ইত্যাদি) সঠিকভাবে নির্বাচন করতে হবে। আগেভাগে কর রেয়াত নেওয়ার সুযোগ এ বছর আর না থাকলেও বিনিয়োগ, জীবন বীমা, ডিপিএস, সঞ্চয়পত্র বা শেয়ার বাজারে করা বিনিয়োগের তথ্য উল্লেখ করে আইনসম্মত কর রেয়াত দাবি করতে হবে। এ জন্য নথি লাগবে। এ ছাড়া ব্যয় ও সম্পদের বিবরণী, বা জীবনযাত্রার ব্যয় এবং নিজস্ব মোট সম্পদ ও দায়ের সঠিক হিসাব অন্তর্ভুক্ত করতে হবে।

রিটার্নের সঙ্গে কী কী নথি লাগবে

আয়কর রিটার্ন সঠিক ও নির্ভুলভাবে প্রস্তুত করার জন্য আয়ের খাত অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। এগুলোর মধ্যে রয়েছে মূল বেতন, উৎসব ভাতা, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার হিসাব সংবলিত বেতন বিবরণী, নিয়োগকর্তা কর্তৃক উৎসে কর কর্তন করা হয়ে থাকলে তার প্রমাণপত্র, পুরো অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ জুন) ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, ব্যাংক আমানত ও সঞ্চয়পত্রের আয়ের ক্ষেত্রে ব্যাংক ডিপোজিট, এফডিআর বা সঞ্চয়ী হিসাবের সুদের বিপরীতে উৎসে কর কর্তনের সার্টিফিকেট, সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফা ও উৎসে কাটা করের সার্টিফিকেট।

গৃহসম্পত্তি আয়ের ক্ষেত্রে বাড়ি বা দোকান ভাড়ার চুক্তিপত্র ও ভাড়া প্রাপ্তির রসিদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের পৌর কর বা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ প্রয়োজন হয়। গৃহঋণ থাকলে ঋণের বিপরীতে পরিশোধিত সুদের ব্যাংক সার্টিফিকেট, ব্যবসা বা পেশার আয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বছরের লাভ-ক্ষতির হিসাব ও উদ্বৃত্তপত্র, ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রয়োজন হয়।জীবন বীমার প্রিমিয়াম পরিশোধের রসিদ, ব্যাংকে ডিপিএস জমার বার্ষিক সনদ লাগবে। সঞ্চয়পত্র বা সরকারি সিকিউরিটিজ ক্রয়ের রসিদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের স্টেটমেন্ট। জাকাত ফান্ড বা এনবিআর অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানে অনুদানের প্রমাণপত্র।