TAXNEWSBD
জ্বালানি ব্যয়কে প্রধান চাপ মনে করছেন বাংলাদেশের ৫০% ব্যবসায়ী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২০:১০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

জ্বালানি ব্যয়কে ব্যবসার প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশের ৫০ শতাংশ ব্যবসায়ী। একই সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ৪৯ শতাংশ ব্যবসায়ী। এইচএসবিসির এক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া বাংলাদেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান জানিয়েছে, তারা সামগ্রিক ব্যয় বৃদ্ধির মুখে রয়েছে। আগামী দুই বছরেও ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ৭৬ শতাংশ প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে ২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান।

রোববার প্রকাশিত এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এর বাংলাদেশবিষয়ক তথ্যে এসব বিষয় উঠে এসেছে। বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়ী নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়েছে।

জরিপে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাসের প্রবণতাও উঠে এসেছে। ৫৫ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে আনা বা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। বৈশ্বিক গড় এ ক্ষেত্রে ৩৬ শতাংশ।

চীনের পাশাপাশি বিকল্প উৎস ও বাজার গড়ে তোলার কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ গ্রহণের ক্ষেত্রেও বাংলাদেশের ব্যবসায়ীরা এগিয়ে। এ কৌশল নিয়েছে ৫৭ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান। বৈশ্বিক গড় ৩৬ শতাংশ।

ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী ৯১ শতাংশ ব্যবসায়ী। তাদের মধ্যে ৫৬ শতাংশ নিজেদের অত্যন্ত আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।

এ ছাড়া ৯০ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, ঝুঁকি মোকাবিলায় তাদের নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে। এসব পদক্ষেপের ফলে নগদ অর্থপ্রবাহ ও চলতি মূলধনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ৮১ শতাংশ প্রতিষ্ঠান।

জরিপে আরও দেখা গেছে, বাংলাদেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে। প্রযুক্তিগত অবকাঠামোতে বিনিয়োগ বাড়লে নিজেদের পণ্যের চাহিদা বাড়বে বলে আশা করছে ৮০ শতাংশ প্রতিষ্ঠান।

তবে আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসায়িক আয়েও প্রভাব ফেলছে। জরিপে ৩১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্ক ও বাণিজ্যিক অনিশ্চয়তা তাদের ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে ৩২ শতাংশ প্রতিষ্ঠান রাজস্ব কমার অভিজ্ঞতার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আরও রাজস্ব কমতে পারে বলে আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান। বৈশ্বিক গড় এ ক্ষেত্রে ২৮ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, ৯৬ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান অন্তত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ব্যবহার করে। তবে এসব চুক্তির সুবিধা পুরোপুরি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা জানিয়েছে ৯৭ শতাংশ প্রতিষ্ঠান। গত ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ২৬টি দেশে এ জরিপ চালানো হয়।