
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, গত ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্নের শেষ দিন ছিল। এ পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে প্রায় ৪৩ লাখ। ম্যানুয়াল পদ্ধতিতে জমা পড়েছে ৩ লাখ। সম্প্রতি নৈর্ব্যক্তিক উপায়ে ২০০ জনের রিটার্ন যাচাই করে দেখা গেছে, তারা সবাই করযোগ্য আয়ের বাইরে। আগামী সপ্তাহে ৬০ হাজার নতুন আয়কর রিটার্ন অডিটের জন্য বাছাই করা হবে। সম্পূর্ণ নৈর্ব্যক্তিক পদ্ধতিতে যা করা হবে। কারও হয়রানি ও টার্গেট হওয়ার আশঙ্কা নেই। বৃহস্পতিবার খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, আয়কর দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। এ ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে কর ফাঁকি রোধ করার পাশাপাশি নিয়ম-কানুন সহজ ও স্বচ্ছ করা প্রয়োজন। তিনি আক্ষেপ করে বলেন, সাধারণ মানুষের মধ্যে টিআইএন করা নিয়ে এক ধরনের ভীতি কাজ করে। মানুষ মনে করে, করদাতা হলে তারা কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকার হবে। কিছু কর্মকর্তার অতিউৎসাহী আচরণ ও অসততার কারণে নতুন করদাতা তৈরি হচ্ছে না, যা দেশের অর্থনীতির জন্য শুভ নয়। কর কর্মকর্তাদের জনগণের বন্ধু হতে হবে।
কর প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রকিবুল ইসলাম বকুল বলেন, প্রায়ই দেখা যায় বড় ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছেন, অথচ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর কর কর্মকর্তারা অন্যায্য চাপ সৃষ্টি করেন। এই বৈষম্য দূর করতে হবে। সাধারণ মানুষকে করের টাকা কোথায় ব্যয় হয় তা সহজ ভাষায় বোঝাতে হবে এবং তাদের সচেতনতা বাড়াতে হবে। করদাতাদের পুরস্কৃত করার মাধ্যমে করদানে উৎসাহিত করার পরামর্শও দেন তিনি।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পরে মনে হয়েছিল, খুলনার ভাগ্য ফিরে যাবে। এখানে শিল্পায়ন হবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। দুঃখজনকভাবে সেটা হয়নি। সুন্দরবনকে কেন্দ্র করে খুলনাকেন্দ্রিক পর্যটন হওয়া দরকার। মোংলা বন্দরকে কেন্দ্র করে আরও অবকাঠামো তৈরি করা দরকার। দেশে আমদানি করা সব গাড়ি মোংলা বন্দর দিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফার্নকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা।