
দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধার জোরদারের লক্ষ্যে নীতিসুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশে পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহারও ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলার থেকে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সুদহার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগ ত্বরান্বিত করে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক পুনরুদ্ধার আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনর্নির্ধারিত নীতিসুদহার করিডোর ২ আগস্ট থেকে কার্যকর হবে।