→ রিটার্ন দিয়ে ২ লাখ ২১ হাজার করদাতা প্রণোদনা পেয়েছেন→ রিটার্ন জমার সময় বাড়ল→ অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল→ বন্ড সুবিধার অপব্যবহারে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি→ ভ্যাট রিটার্ন জমার সময়সীমা নিয়ে সংশোধনী আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
No icon

কর ও জ্বালানি খাতে ব্যাপক সংস্কার হলে ২০৩৫ অর্থবছর নাগাদ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছাবে

কর এবং জ্বালানি খাতে ব্যাপক ও কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর নাগাদ সময়ে বাংলাদেশের গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে। বিপরীতে, সীমিত সংস্কারের পথে হাঁটলে এই প্রবৃদ্ধি ৪.২ শতাংশেই আটকে থাকবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক।প্রস্তাবিত এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে ২০৩৫ অর্থবছর নাগাদ দেশের মোট কর-জিডিপি অনুপাত বর্তমানের ৮ শতাংশ থেকে বেড়ে ১৪.৪ শতাংশে পৌঁছাতে পারে—যার মধ্যে কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬.৮ শতাংশ থেকে বেড়ে ১২.৬ শতাংশে উন্নীত হবে। এর ফলে উন্নয়ন এবং সামাজিক খাতে ব্যয়ের জন্য সরকারের রাজস্ব সক্ষমতা বা ফিসক্যাল স্পেস উল্লেখযোগ্যভাবে বাড়বে।গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাংক এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর যৌথ উদ্যোগে প্রকাশিত বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসক্যাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট, অ্যান্ড জবস শীর্ষক প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে উন্নয়ন ও সামাজিক খাতে সরকারের অর্থায়নের সক্ষমতার ক্ষেত্রে দুর্বল রাজস্ব আহরণ, ঋণের ক্রমবর্ধমান সুদ পরিশোধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তে থাকা ভর্তুকিকে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কর ব্যবস্থার ব্যাপক সংস্কার, কর অব্যাহতি ও প্রণোদনা যৌক্তিকীকরণ, মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় বাড়াতে বড় ধরণের সংস্কার করতে বলেছে বিশ্বব্যাংক। একইসঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।

দুর্বল রাজস্ব আহরণ আর্থিক সক্ষমতাকে সংকুচিত করছে

বাংলাদেশের কর আহরণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। উন্নয়নশীল অর্থনীতির জন্য ন্যূনতম ১৫ শতাংশ কর-জিডিপি অনুপাত প্রয়োজন বলে বিবেচনা করা হলেও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে তা ছিল মাত্র ৬.৮ শতাংশ। গত এক দশকে বাংলাদেশের গড় কর-জিডিপি অনুপাত ছিল ৭.৪ শতাংশ (কোভিড-১৯-এর কারণে ২০১৯-২০ অর্থবছর বাদ দিয়ে)। একই সময়ে মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির মাত্র ৮ শতাংশ, যা অন্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অর্ধেকেরও কম।বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের রাজস্ব আহরণে দুর্বলতার পেছনে শুধু অর্থনৈতিক পরিস্থিতি দায়ী নয়; বরং করনীতির কাঠামোগত দুর্বলতা, করের সংকীর্ণ ভিত্তি, প্রশাসনিক অদক্ষতা, কর পরিপালনে ঘাটতি এবং ব্যাপক কর অব্যাহতি বড় ভূমিকা রাখছে। বর্তমানে মোট রাজস্বের প্রায় ৭০ শতাংশ আসে ভ্যাট ও অন্যান্য পরোক্ষ কর থেকে। অন্যদিকে, আয়করসহ প্রত্যক্ষ করের অবদান মাত্র ২৬ ২৯ শতাংশ। বাংলাদেশের মতো আয়ের স্তরের একটি দেশের জন্য এ ধরনের কর কাঠামো অস্বাভাবিক বলে মনে করে সংস্থাটি।প্রতিবেদনে ভ্যাট আদায়ের দুর্বলতাকেও রাজস্ব আহরণের অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য ভ্যাট আদায় ও প্রকৃত আদায়ের ব্যবধান ছিল সাড়ে ৪ লাখ কোটি টাকা, যা ওই অর্থবছরের প্রকৃত ভ্যাট আদায়ের তিন গুণেরও বেশি।

ব্যক্তিদের মধ্যে মাত্র প্রায় ৭ শতাংশের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। তাদের মধ্যে ৪০ শতাংশেরও কম ব্যক্তিগত আয়কর পরিশোধ করেন। অন্যদিকে, করপোরেট আয়কর আদায়ের বড় অংশ টেলিযোগাযোগ, তামাক ও ব্যাংকিং খাতের অল্পসংখ্যক প্রতিষ্ঠানের কাছ থেকে আসে।কর অব্যাহতি ও বিভিন্ন প্রণোদনাও রাজস্ব আহরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২১-২২ অর্থবছরে এসব কর অব্যাহতি ও প্রণোদনার আর্থিক মূল্য ছিল জিডিপির ৬.৯ শতাংশ, যা ওই অর্থবছরের সরকারের মোট কর রাজস্বের প্রায় সমান। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সুবিধার অনেকগুলোই সংসদীয় তদারকি ছাড়াই বিভিন্ন সময়ে বিশেষ আদেশের মাধ্যমে দেওয়া হয়েছে। ফলে কর ব্যবস্থায় বৈষম্য ও নীতিগত অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিশ্বব্যাংকের মতে, বিনিয়োগ ও কর্মসংস্থানে সীমিত প্রভাব রয়েছে এমন কর অব্যাহতি ও প্রণোদনা পর্যায়ক্রমে প্রত্যাহার করা প্রয়োজন।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের পর অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ২০২৫-২৬ অর্থবছরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব, উচ্চ মূল্যস্ফীতি এবং বেসরকারি খাতের স্থবিরতা—সেই পুনরুদ্ধার প্রক্রিয়াকে আটকে রেখেছে।

রাজস্বের ওপর বাড়তি চাপ তৈরি করছে জ্বালানিখাতের ভর্তুকি

বিদ্যুৎ ও গ্যাস খাতকে সরকারি অর্থের ওপর বড় ধরনের চাপ হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাংক বলেছে, এখাতে ভর্তুকির পরিমাণ ২০১৭-১৮ অর্থবছরে ৭২ বিলিয়ন টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৮৩৬ বিলিয়ন টাকায় পৌঁছেছে। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত হিসাব অনুযায়ী, এ ভর্তুকির ৭১ শতাংশ বা ৫৯৬ বিলিয়ন টাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে অতীতের বকেয়া পরিশোধও অন্তর্ভুক্ত রয়েছে।বিশ্বব্যাংকের মতে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও সঞ্চালন ও বিতরণ অবকাঠামো সেই অনুপাতে উন্নত হয়নি। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধান, গ্যাসের সংকট, পুরোনো বিদ্যুৎকেন্দ্র এবং অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে সরকারের ভর্তুকির চাপ বাড়ছে। বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ধরে রাখার জন্য নির্ধারিত অর্থ পরিশোধও এ চাপ বাড়িয়েছে।এই সমস্যার সমাধানে বিদ্যুতের মূল্য নির্ধারণে ব্যয়-সামঞ্জস্যপূর্ণ ও স্বয়ংক্রিয় পদ্ধতি চালু, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাসের মূল্য নিয়মিত পর্যালোচনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অদক্ষ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমানো, বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।তবে ভর্তুকি কমানোর ক্ষেত্রে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছে সংস্থাটি। এ জন্য সাধারণ ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি আরও কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

সংস্কার বাস্তবায়িত হলে বাড়বে রাজস্ব ও প্রবৃদ্ধি

বিশ্বব্যাংকের সংস্কারভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও কৃষি ভর্তুকি কমানো এবং রপ্তানি ও রেমিট্যান্সে প্রণোদনা পর্যায়ক্রমে প্রত্যাহারের মাধ্যমে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে জিডিপির ১.৪ শতাংশের সমপরিমাণ আর্থিক সাশ্রয় করা সম্ভব। এসব উদ্যোগের ফলে, উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয় বাড়ানোর জন্য সরকারের আর্থিক সক্ষমতা তৈরি হবে।প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, সংস্কার বাস্তবায়িত হলে ২০৩৪-৩৫ অর্থবছর নাগাদ মোট রাজস্ব-জিডিপি অনুপাত ১৪.৪ শতাংশে উন্নীত হবে। এর মধ্যে কর-জিডিপির অনুপাত দাঁড়াবে ১২.৬ শতাংশে। বিপরীতে, সীমিত সংস্কারের পরিস্থিতিতে ওই অর্থবছরে মোট রাজস্ব-জিডিপি অনুপাত ১০ শতাংশ এবং কর-জিডিপি অনুপাত ৯.১ শতাংশ হতে পারে।একইভাবে সংস্কার বাস্তবায়িত হলে, ২০৩৪-৩৫ অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। এর মধ্যে মূলধনী ব্যয়ের অনুপাত ৬ শতাংশে পৌঁছাতে পারে। অন্যদিকে, ভর্তুকির পরিমাণ জিডিপির ১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। এতে বাজেট ঘাটতি জিডিপির ৩.৬ শতাংশে নেমে আসতে পারে।অন্যদিকে, এসবখাতে সীমিত সংস্কার হলে ওই অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৫ শতাংশ, মূলধনী ব্যয় সাড়ে ৪ শতাংশ এবং বাজেট ঘাটতি ৫ শতাংশ হতে পারে।বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, সংস্কার বাস্তবায়িত হলে ২০২৭ ৩৫ সময়ে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ হতে পারে, যেখানে সীমিত সংস্কারের পরিস্থিতিতে তা ৪.২ শতাংশ হতে পারে। সংস্কারের মাধ্যমে উন্নত অবকাঠামো, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ ও নীতিগত পূর্বানুমানযোগ্যতা বাড়ার ফলে বেসরকারি বিনিয়োগও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।