১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত৩৮ লাখ টাকা নিয়ে কর নথি পরিবর্তন, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিতআয় প্রাক্কলন করেই কর ফাঁকির জরিমানা নয়: এনবিআরের নির্দেশনাকর মওকুফ চায় প্রতিমন্ত্রীর পারিবারিক কোম্পানিকাস্টমস ও ভ্যাট ক্যাডারের পাঁচ কমিশনারের রদবদল
No icon

কর মওকুফ চায় প্রতিমন্ত্রীর পারিবারিক কোম্পানি

পুষ্টিসমৃদ্ধ চাল, আটা ও বিস্কুট উৎপাদনে ব্যবহৃত ভিটামিন ও মিনারেল আমদানিতে কর, ভ্যাট ও অন্যান্য শুল্ক মওকুফ চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠান রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। তিনি মীর শাহে আলমের ছেলে।এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভিজিটিং কার্ড সংযুক্ত করে রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলসের কর মওকুফ বা বিশেষ রেয়াতের একটি আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এনবিআর।রূপসী রাইস মিলের চিঠিতে বলা হয়, বগুড়ার শিবগঞ্জের বেতগাড়ী মীরবাড়ীতে অবস্থিত রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস ২০২২ সালে প্রতিষ্ঠিত। এটি ফোর্টিফাইড রাইস কার্নেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি খাদ্য অধিদপ্তরকে রাইস কার্নেল সরবরাহ করছে। এ পর্যন্ত সরকারি খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচিতে প্রায় এক হাজার ১৯৮ টন কার্নেল সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বেসরকারি খাতে প্রায় ২০ টন কার্নেল ও দুই হাজার টন পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহ করেছে।  

জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধার জন্য সরকারি পরিচয় ব্যবহার করা স্পষ্ট নৈতিক স্খলন এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থি কাজ। এই আচরণ শুধু পদের অবমাননা নয়; বরং এটি স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে ক্ষমতার এমন চর্চা কোনোভাবেই কাম্য নয় এবং এনবিআরের মতো প্রতিষ্ঠানের উচিত এ ধরনের চাপের মুখে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।সাধারণ চালের সঙ্গে একশ অনুপাত এক (১০০: ১) এই হারে কার্নেল মিশ্রণ করে পুষ্টিসমৃদ্ধ চাল উৎপাদন করা হয়। কার্নেল উৎপাদন করতে মূল উপাদান হিসেবে ভিটামিন-এ, ভিটামিন-বি১, ভিটামিন-বি১২, ফলিক এসিড, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োজন হয়। ফোর্টিফাইড আটা ও ফোর্টিফাইড বিস্কুট উৎপাদনেও এসব ভিটামিন ও মিনারেল ব্যবহার হয়।

চিঠিতে বলা হয়েছে, এসব কাঁচামাল বাংলাদেশে উৎপাদিত হয় না। ফলে দেশের বর্তমানে ১৪টি কার্নেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিটামিন, মিনারেলগুলো প্রিমিক্স বা মিশ্রণ হিসেবে একটি এইচএস কোডে বিদেশ থেকে আমদানি করছে। এসব ভিটামিন ও মিনারেলগুলোর আলাদা দামের চেয়ে প্রিমিক্সের দাম বেশি হওয়ায় প্রতিবছর প্রায় ৩০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা আমদানি বাবদ বিদেশে চলে যাচ্ছে, যা ভবিষ্যতে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে।চিঠিতে রূপসী রাইস মিলস জানিয়েছে, সম্প্রতি তারা দেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রিমিক্স উৎপাদন কারখানা স্থাপন করেছে। সেখানে তারা প্রয়োজনীয় ভিটামি+ন  ও মিনারেলগুলো কাঁচামাল হিসেবে আলাদাভাবে আমদানি করে প্রিমিক্স তৈরি করবে। প্রতিষ্ঠানটির দাবি, এতে প্রায় ৫০ শতাংশ আমদানি খরচ কমে যাবে এবং অন্যান্য কার্নেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কম মূল্যে তাদের থেকে প্রিমিক্স কিনতে পারবে। ফলে কার্নেল উৎপাদন খরচও কমে যাবে; বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

রূপসী রাইস মিলস দাবি করেছে, কাঁচামাল আমদানিতে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য শুল্ক মওকুফ অথবা বিশেষ রেয়াত সুবিধা পেলে দেশে নতুন শিল্প গড়ে উঠবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নতুন কর্মসংস্থান হবে। পাশাপাশি প্রিমিক্সের দাম কমলে পুষ্টিসমৃদ্ধ চাল, ফোর্টিফাইড আটা ও ফোর্টিফাইড বিস্কুটের দাম কমবে। এতে দরিদ্র জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের কাছে এসব পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহজলভ্য হবে এবং পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে।এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্তকে ফোন দিলে তিনি ফোন ধরে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর কয়েকবার ফোন দিলেও তিনি আর ধরেননি। পরে সমকালের পরিচয় দিয়ে তাঁর মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। তাতেও তিনি সাড়া দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে আলাদাভাবে শুল্ক-কর ছাড় দেওয়ার সুযোগ নেই। ছাড় দিলে তা সবার জন্যই দিতে হবে। সুনির্দিষ্ট ছাড় শুধু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। তবে দেশে যদি কোনো বিশেষ পণ্য কেবল একটি প্রতিষ্ঠানই তৈরি করে, তবে তাদের ক্ষেত্রে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় দেওয়া যেতে পারে।তবে এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন, সংবিধানের অনুচ্ছেদ-১৯ অনুযায়ী একক প্রতিষ্ঠানকে এ জাতীয় সুবিধা দেওয়ার সুযোগ নেই। করছাড় দিলে যদি নির্দিষ্ট কোনো খাতের সব কোম্পানি উপকৃত হয়, তাহলে দেওয়া যেতে পারে। তিনি বলেন, এনবিআর একক প্রতিষ্ঠানকে এ ধরনের ছাড় দেওয়ার জন্য মতামত পাঠালে আইন অনুযায়ী অর্থ মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ও তা দিতে পারবে না।