জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা এক বিশেষ আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করদাতাদের অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।এনবিআরের এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সদস্য, প্রথম সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
